একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনী॥
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল ,
আম-কাঁঠালের মধুর গন্ধে জৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি॥
কেতকী কদম যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা ,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী॥
শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া ,
শিউলি - ছোপানো শাড়ি প'রে ফের আগমনী - গীতি গাহিয়া।
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী॥
শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা ,
ভাটিয়ালি গাও মাঝিদের সাথে (গো), কীর্তন শোন রাতে মা ,
ফাল্গুনে রাঙা ফুলের আবীরে রাঙাও নিখিল ধরণী॥
Link to this comment:
All Comments (0)